দক্ষিণ দিনাজপুরে নজিরবিহীন সাফল্য, মাত্র ১০ দিনে ৯ মামলায় দোষীদের সাজা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : মাত্র দশ দিনেই ন’টি মামলায় দোষীদের সাজা নিশ্চিত করে বড় সাফল্যের দাবি করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানালেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ও ওই নয়টি মামলার তদন্তকারী আধিকারিকরা।পুলিশ সুপার জানান, ২৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর—এই দশ দিনে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে। উল্লেখযোগ্যভাবে কুমারগঞ্জের বহুচর্চিত ধর্ষণ ও খুনের ঘটনা, তপনের গৃহবধূ খুন করে দেহ লোপাটের মতো জটিল মামলাগুলিতেও দোষীদের সাজা হয়েছে।চিন্ময় মিত্তালের বক্তব্য, “আগে বহু ক্ষেত্রে সাক্ষ্যগ্রহণে দেরি হত। ভিডিও কনফারেন্স ব্যবস্থার ফলে সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। পাশাপাশি কেস মনিটরিং ও তদন্তের গতিও বাড়ানো হয়েছে।” তিনি জানান, তদন্তকারী অফিসারদের নিষ্ঠা ও উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানই এই সাফল্যের মূল ভিত্তি।সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, জেলা পুলিশের তদন্তের গতি ও মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। “পুলিশ দ্রুত তদন্ত শেষ করে সুষ্ঠুভাবে কেস আমাদের হাতে তুলে দিচ্ছে। ফলে আদালতে দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে,”—মন্তব্য তাঁর।জেলার আইন-শৃঙ্খলা ও বিচারব্যবস্থার ক্ষেত্রে এই সাফল্য দক্ষিণ দিনাজপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *