বালুরঘাটে জন্ম নিল ‘দৃশ্যকল্প’, নতুন প্রজন্মকে মঞ্চে ফেরাতে তিন দিনের নাট্যোৎসব

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : নাটকের শহর বালুরঘাটে নতুন স্বপ্নের আলো জ্বালল ‘দৃশ্যকল্প’। মঙ্গলবার দুপুরে নাট্যমঞ্চ নাট্যতীর্থে উদ্যোক্তাদের উদ্যোগে এই নতুন নাট্য সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, চিরাচরিত ছকের বাইরে গিয়ে ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ করাই তাদের মূল লক্ষ্য।উদ্যোক্তাদের দাবি, নতুন প্রজন্মের মধ্যে নাটকের প্রতি টান ক্রমশ কমছে। তাই তরুণদের আবার নাট্যমঞ্চে ফিরিয়ে আনাই ‘দৃশ্যকল্প’-এর প্রথম উদ্দেশ্য। পাশাপাশি পরীক্ষামূলক নাটকের চর্চাকে আরও এগিয়ে নিতে চায় এই নতুন সংস্থা। নাট্যতীর্থের সহযোগী নাট্যসংস্থা হিসেবেই কাজ করবে ‘দৃশ্যকল্প’—এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।নতুন যাত্রার সূচনায় আয়োজিত হয়েছে তিন দিনের নাট্যোৎসব। ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্যদল নিজেদের প্রযোজনা নিয়ে হাজির হবে মঞ্চে। সেখানেই প্রকাশ পাবে ‘দৃশ্যকল্প’-এর প্রথম নাট্য প্রযোজনাও।সংগঠনের সম্পাদক শুভাশিস চক্রবর্তী বলেন, “দৃশ্যকল্পের যাত্রা শুরুর আনন্দেই আজকের এই সাংবাদিক সম্মেলন। নাট্যতীর্থের সহযোগী সংস্থা হিসেবে আমরা কাজ করব। নতুন প্রজন্মকে মঞ্চে আনা এবং দর্শকদের জন্য ভিন্নধর্মী নাটক পরিবেশন—এই দু’টিই আমাদের প্রধান লক্ষ্য।”নাট্যচর্চায় নতুন দিশা দেখাতে প্রস্তুত বালুরঘাটের সদ্য গঠিত ‘দৃশ্যকল্প’। এখন দেখার, এই নতুন দল শহরের নাট্যমণ্ডলীতে কতটা নবচেতনায় বাতাস আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *