নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট :সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর প্রতিষ্ঠা দিবস পালন করল বালুরঘাট টাউন INTTUC। দিনটির গুরুত্বকে সামনে রেখে বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে বাসস্ট্যান্ড এলাকা।এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বালুরগঠাট টাউন INTTUC-এর সভাপতি মিঠুন নিয়োগী। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সংগঠনের শহর সহ-সভাপতি কৌশিক লাহা সহ অন্যান্য নেতৃত্বরা। পতাকা উত্তোলনের পর নেতৃত্বরা সংগঠনের ভূমিকা, শ্রমিক স্বার্থরক্ষা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে INTTUC-এর গুরুত্ব তুলে ধরেন।সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন নিয়োগী বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে INTTUC আজ রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান।”এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর সহ-সভাপতি কৌশিক লাহা জানান, “আজ ৯ ডিসেম্বর, সারা রাজ্যে INTTUC-এর প্রতিষ্ঠা দিবস। আমরা বালুরঘাটে শ্রমিকদের সঙ্গে নিয়ে সেই দিনটি পালন করলাম। সামনে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামব। তার আগে সংগঠনের শক্তি বাড়ানোই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে এদিন কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শ্রমিকদের সমস্যা সমাধান ও অধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।