বালুরঘাটে শীতের রাতে ‘পথের দিশা’-র মানবিক ছোঁয়া, ভবঘুরেদের হাতে গরম বস্ত্র

নিজস্ব প্রতিবেদন, বালুরঘাট:
বালুরঘাটে ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়ছে। রাতে লেপ-মুড়িতে ঢুকে ঘুমোতেই ব্যস্ত শহরবাসী। কিন্তু এই শীতের রাতেই কিছু মানুষ খোঁজেন একটু উষ্ণতার আশ্রয়—যাঁদের নেই পরিবার, নেই মাথার উপর নিরাপত্তার ছাদ। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই ভবঘুরে ও অসহায় মানুষগুলোর জন্যই যেন সান্তা ক্লজ হয়ে উঠলেন ‘পথের দিশা’ ফাউন্ডেশনের তরুণ সদস্যেরা।রবিবার গভীর রাতে বালুরঘাট শহর ও বোল্লা কালী মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ২৫ জন আর্ত মানুষের হাতে গরম বস্ত্র তুলে দিয়ে তাদের এই কর্মসূচির সূচনা করে সৌরভ, মান্না, প্রীতমরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, জেলার মোট ২১০ জন অসহায় মানুষের হাতে গরম বস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।দক্ষিণ দিনাজপুরে রক্ত আন্দোলনের এক পরিচিত মুখ ‘পথের দিশা’। বছরভর ১৫টিরও বেশি রক্তদান শিবির আয়োজন করে থাকে তারা। রক্ত সংকট দেখা দিলেই জেলা ব্লাড ব্যাঙ্কগুলি এই সংগঠনের সদস্যদের ওপর ভরসা করে। অসংখ্য রোগীর প্রাণ বাঁচাতে দিনের পর দিন এগিয়ে এসেছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।সংগঠনের সহ-সভাপতি মান্না সরকার বলেন, “বস্তির বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে রক্তদান—বছরভর সমাজসেবার কাজে আমরা নিঃস্বার্থভাবে যুক্ত থাকি। কিন্তু শীতে ভবঘুরে ও দুঃস্থ মানুষরা যে কী কষ্ট পান, তা ভাবিয়ে তুলেছিল আমাদের। তাই নিজেদের চাঁদা ও কিছু পরোপকারী মানুষের সাহায্যে এই গরম বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি।”শহরের নরম শীতের মধ্যেই মানবিকতার উষ্ণতায় ভরিয়ে তুলল ‘পথের দিশা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *