প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: বাংলা চলচ্চিত্র জগৎ হারাল তার এক অবিস্মরণীয় চরিত্রাভিনেতাকে। রবিবার রাত পৌনে ন’টা নাগাদ বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত জটিল অসুস্থতা ক্রমশই ঘনিয়ে উঠছিল। চিকিৎসকদের বহু প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ফেরানো গেল না তাঁকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বর্তমানে তাঁর দেহ বাঙুর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি ও হাসপাতাল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে আজ রাতেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে।

বাংলা সিনেমার দর্শকদের কাছে কল্যাণ চট্টোপাধ্যায় ছিলেন এক চেনা মুখ, ভরসার নাম। সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে, পার, সফেদ হাতি থেকে সবুজ দ্বীপের রাজা—প্রতিটি ছবিতেই তাঁর অভিনয়ের মুন্সিয়ানা আজও স্মরণীয়। শুধু রুপোলি পর্দা নয়, ছোটপর্দার ধারাবাহিক ও টেলিফিল্মেও সমান দক্ষতায় নজর কেড়েছেন তিনি।
শিল্পী মহলের ভাষ্য, চরিত্রাভিনয়ের ক্ষেত্রে কল্যাণবাবুর সহজাত গাম্ভীর্য, সংযম ও অভিনয়বোধ তাঁকে আলাদা করে রাখত সমকালীনদের থেকে। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতের এক যুগের অবসান হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *