নেতাজি ও বাম ছাত্র-যুব সংগঠনের পতাকা অবমাননার অভিযোগ, বালুরঘাট থানার দ্বারস্থ এসএফআই-ডিওয়াইএফআই

বালুরঘাট: নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এসএফআই-ডিওয়াইএফআইয়ের পতাকাকে সোশ্যাল মিডিয়ায় অবমাননার অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করল বাম ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব। মঙ্গলবার রাতে ডিওয়াইএফআইয়ের বালুরঘাট শহর লোকাল সম্পাদক ধীরাজ বসুর নেতৃত্বে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।সংগঠনের দাবি, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ও মন্তব্যে একাধিক ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এসএফআই-ডিওয়াইএফআইয়ের পতাকাকে অবমাননা করেছেন। যদিও অভিযোগে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, তবে যাঁদের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।ডিওয়াইএফআইয়ের বালুরঘাট শহর লোকাল সম্পাদক ধীরাজ বসু বলেন, “বিগত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের সংগঠনের পতাকাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননা করছেন। আমরা তাঁদের ব্যক্তিগতভাবে চিনি না। তবে যাঁদের এই ধরনের পোস্ট করতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশের কাছে আবেদন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।”ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *