সিএএ-র আওতায় হিলিতে চার শরণার্থীর হাতে নাগরিকত্বের শংসাপত্র, উপস্থিত বিধায়ক অশোক লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, ১১ মার্চ, বালুরঘাট:- নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বালুপাড়া এলাকায় চারজন শরণার্থীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হল। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই শংসাপত্র তুলে দেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী।জানা গিয়েছে, ওই চারজনই বাংলাদেশ থেকে বহু বছর আগে ভারতে এসে শরণার্থী হিসেবে বসবাস শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন বৈধ নাগরিকত্বের নথি না থাকায় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। সম্প্রতি সিএএ শিবিরে আবেদন করার পর তাঁদের নাগরিকত্ব মঞ্জুর হয় এবং আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেওয়া হয় নাগরিকত্বের শংসাপত্র।এই প্রসঙ্গে অশোক কুমার লাহিড়ী বলেন, এঁরা এতদিন নথি না থাকলেও বাস্তবে ভারতের নাগরিক হিসেবেই এখানে বসবাস করছিলেন। আজ সরকারিভাবে সেই স্বীকৃতি পেলেন তাঁরা। এর ফলে আগামী দিনে সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার পথও তাঁদের জন্য আরও সহজ হবে।”নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে খুশি নতুন নাগরিক মৃত্তিকা বর্মন। তিনি বলেন, “এতদিন নাগরিকত্বের প্রমাণ ছিল না। এখন সেটা হাতে পেলাম। আগে যে সুযোগগুলো পেতাম না, এবার সেগুলো পাওয়ার আশা করছি।”স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতেও সিএএ-র আওতায় আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *