নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মঙ্গলবার বালুরঘাটে একাধিক কর্মসূচির আয়োজন করল বালুরঘাট সাইকেল কমিউনিটি ও বালুরঘাট ফ্রি-স্টাইল কমিউনিটি স্ট্যান্ড সাইক্লিং। কর্মসূচির প্রথম পর্বে সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরে পৃথক সাইকেল লেন তৈরির দাবিতে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন তুহিন শুভ্র মণ্ডল, বিজন সরকার ও সৌমজিৎ মহন্ত-সহ অন্যরা।পরে বালুরঘাট সার্কিট হাউসের সামনে থেকে প্রায় ৫০ জন সাইকেল আরোহীকে নিয়ে সাত কিলোমিটারের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি অযোধ্যা গ্রামের বুড়িতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ব সাইকেল দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অধ্যাপক অভিজিৎ সরকার ও প্রাক্তন রেঞ্জ অফিসার প্রদীপ কুমার চৌধুরী।নতুন প্রজন্মের সাইকেল আরোহী সৌমজিৎ মহন্ত ও ঋদ্ধি চৌধুরী জানান, সুস্থ শরীর এবং পরিবেশ রক্ষার স্বার্থে সাইকেলের ব্যবহার বাড়ানো জরুরি। এ বছরের বিশ্ব সাইকেল দিবসের থিম ‘সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং’। উদ্যোক্তাদের পক্ষে তুহিন শুভ্র মণ্ডল বলেন, সাইকেলচর্চা জনপ্রিয় করতে এবং সাইকেল আরোহীদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তাঁদের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।