নিজস্ব সংবাদদাতা, ২৮ ফেব্রুয়ারি, বালুরঘাট :- স্কুল পড়ুয়াদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে শনিবার সকালে বালুরঘাটের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জেলার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে ফুটবল তুলে দেন।এই কর্মসূচি বিশ্ব ফুটবল সংস্থা FIFA-র উদ্যোগে দেশজুড়ে শুরু হওয়া একটি প্রকল্পের অংশ। শিক্ষা দপ্তর এবং All India Football Federation-এর যৌথ ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্কুলে ফুটবল বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এ দিন বালুরঘাট থেকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ২৫০টি স্কুলের হাতে মোট ১৭০০টি ফুটবল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাইব্রেরী এবং অন্যান্য অতিথিরা।ফুটবল বিতরণ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, ফিফার উদ্যোগে সারা দেশে প্রায় ৮৮ হাজারেরও বেশি ফুটবল স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য পড়ুয়াদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানো এবং ফুটবলকে পুনরায় জনপ্রিয় করে তোলা। তাঁর কথায়, “এক সময় বাঙালি ফুটবলে দেশের নেতৃত্ব দিয়েছে। স্কুল স্তর থেকেই আগ্রহ বাড়াতে পারলে সেই ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।”স্কুল কর্তৃপক্ষদের মতে, এই উদ্যোগের ফলে পড়ুয়াদের মধ্যে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়বে এবং নতুন প্রজন্ম আরও বেশি করে মাঠমুখী হবে।