দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার খামখেয়ালিতে চাষের সংকট, পাশে থাকার আশ্বাস কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুরে ধান কাটার পর এই সময় মূলত আলু ও সবজি চাষেই ভরসা রাখেন চাষিরা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভুট্টা চাষেও আগ্রহ বেড়েছে। কিন্তু হঠাৎ আবহাওয়ার খামখেয়ালিতে সমস্যায় পড়েছেন কৃষকেরা। গত কয়েক দিনের অস্বাভাবিক পরিস্থিতিতে ভুট্টা চাষে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, ক্ষতির মুখে আলু চাষও।
এই পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বালুরঘাট ব্লকে সংগঠনের সভাপতি বিপ্লব দেবনাথ জানান, ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৈঠক হয়েছে, এ দিন গোপালবাটি ও নাজিরপুরে বৈঠকের কর্মসূচি রয়েছে। পর্যায়ক্রমে বোল্লা, চকভৃগু, ভাটপাড়াতেও বৈঠক হবে।
তিনি বলেন, খামখেয়ালি আবহাওয়ায় চাষে সমস্যা তৈরি হয়েছে, ক্ষতির আশঙ্কা রয়েছে। নির্বাচনজনিত বিধিনিষেধ থাকায় এখনই সবরকম সাহায্য সম্ভব না হলেও ভোট পর্ব মিটলেই কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের দাবি তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *