নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৩ মার্চ: তৃণমূলের দুর্নীতি ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে বালুরঘাটে বামফ্রন্টের কর্মীসভায় উপচে পড়ল ভিড়। সোমবার বিকেলে বালুরঘাট নাট্যমন্দির সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রায় ছয়শো কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল লক্ষণীয়।সভায় বামফ্রন্ট প্রার্থী অর্ণব চৌধুরী কৃষকদের দুর্দশার প্রসঙ্গ তুলে বলেন, ধান, পাট, আলু-সহ বিভিন্ন ফসলের ন্যায্য দাম না পেয়ে দক্ষিণ দিনাজপুরের কৃষকেরা চরম সঙ্কটে। তাঁর অভিযোগ, ফসলের দাম না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে জেলায়। পাশাপাশি, এসআইআর ইস্যুতে তৃণমূল ও বিজেপির ‘ঘোটবাজি’র জেরে সাধারণ মানুষ প্রতিদিন হয়রান হচ্ছেন বলেও দাবি করেন তিনি।সভায় উপস্থিত নেতৃত্বের অভিযোগ, রাজ্যে দুর্নীতির জেরে শিক্ষিত যুবক-যুবতীরা চাকরি পাচ্ছেন না। ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি রুখতে বামফ্রন্টকে সমর্থনের আহ্বান জানানো হয় মঞ্চ থেকে।সভায় বক্তব্য রাখেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক নন্দলাল হাজরা, সুব্রত দাস, সুচেতা বিশ্বাস প্রমুখ। শেষে শহরে মিছিল করেন কর্মী-সমর্থকেরা।