নিজস্ব সংবাদদাতা, ২১ মার্চ, বালুরঘাট:তপন বিধানসভার বোল্লা ইদগাহ মাঠে শনিবার পবিত্র ঈদের নামাজকে কেন্দ্র করে ধরা পড়ল আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য ছবি। সকাল থেকেই ইদগাহ ময়দান ভরে ওঠে ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে। নির্ধারিত সময় সকাল ন’টা নাগাদ শুরু হওয়া জামাতে কয়েক হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন।নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব ও মিলনের বার্তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন, তারই প্রতিফলন দেখা যায় এদিনের অনুষ্ঠানে। ঈদের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তপন বিধানসভার তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা। তিনি ইদগাহ ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন সকলের সঙ্গে। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। চিন্তামণি বিহা বলেন, আজ বোল্লা ইদগাহ ময়দানে এসে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে ভালো লাগছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সেই ভাবনাকেই সামনে রেখে আমরা চলি। তাই এই উৎসবে সকলের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত। এদিন নামাজ উপলক্ষে কড়া শৃঙ্খলার মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়। দেশ ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির জন্য বিশেষ প্রার্থনাও করা হয়। সব মিলিয়ে বোল্লা ইদগাহ মাঠে ঈদের এই আয়োজন আরও একবার সম্প্রীতির বার্তা পৌঁছে দিল মানুষের মধ্যে।