মিডিয়েশন ফর দ্য নেশন ২ কর্মসূচিতে বালুরঘাটে সচেতনতামূলক ট্যাবলো ও শোভাযাত্রা।

নিজস্ব সংবাদদাতা, ২৬ ফেব্রুয়ারি, বালুরঘাটঃআইনি সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ‘মিডিয়েশন ফর দ্য নেশন ২’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বালুরঘাট শহরে আয়োজিত হল সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।সকালেই দক্ষিণ দিনাজপুর জেলা আদালত চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও আকর্ষণীয় ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরা হয়।ট্যাবলোটির উদ্বোধন করেন জেলা আদালতের এক মাননীয় বিচারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার নিখিলেশ কর্মকার-সহ একাধিক পিএলভি সদস্যরা।নিখিলেশ কর্মকার জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘মিডিয়েশন ফর দ্য নেশন ২’ কর্মসূচি, যা আগামী তিন মাস ধরে চলবে। এই সময়কালে জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত। সেই উপলক্ষে সাধারণ মানুষকে আগাম অবহিত করা এবং আইনি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আপসযোগ্য মামলাগুলি দ্রুত, সহজ ও সম্পূর্ণ বিনামূল্যে নিষ্পত্তির সুযোগ রয়েছে। বিচারপ্রার্থীরা চাইলে তাদের মামলা কোনও খরচ ছাড়াই কর্তৃপক্ষের মাধ্যমে মীমাংসা করতে পারেন। এই বার্তাই আগামী দিনগুলিতে গোটা জেলা জুড়ে আরও জোরালোভাবে প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *