নিজস্ব সংবাদদাতা, ১৭ মার্চ, বালুরঘাট:- প্রার্থী ঘোষণা হতেই প্রচারের ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। মঙ্গলবার সকালে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন তিনি। গেরুয়া পাঞ্জাবি পরে মন্দিরে হাজির হন বিদ্যুৎ। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ-সহ অন্যান্য নেতৃত্ব।মন্দিরে পুজো দেওয়ার পর বিদ্যুৎ রায় বলেন, সকলের মঙ্গল কামনা এবং জয়ের আশীর্বাদ চাইতেই এখানে আসা। নির্বাচনের আগে ধর্মীয় আচার মেনে শুরুটা শুভ করতেই এই উদ্যোগ বলে জানান তিনি।এ বার বালুরঘাটে প্রার্থী বদল করেছে বিজেপি। গতবারের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ীর পরিবর্তে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে। এ প্রসঙ্গে তিনি বলেন, অশোকবাবু বিদগ্ধ মানুষ, তাঁর নিজস্ব গ্রহণযোগ্যতা রয়েছে। তবে আমি এই মাটির মানুষ, ভূমিপুত্র—সেই জায়গা থেকে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। তাঁর দাবি, মানুষ পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনের হাওয়াই বইছে বালুরঘাটে।প্রার্থী ঘোষণার পরই একদিকে যেমন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিদ্যুৎ, তেমনই রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রের লড়াই ক্রমশ জমে উঠছে এবং আগামিদিনে তা আরও তীব্র হবে।