নিজস্ব সংবাদদাতা, ১৫ মার্চ, বালুরঘাট : তপশিলি সংলাপ কর্মসূচিকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তপন বিধানসভা এলাকায় বিশাল বাইক র্যালি করল তৃণমূল কংগ্রেস। রবিবার এই কর্মসূচিকে ঘিরে তপন ও বালুরঘাট ব্লকের একাধিক এলাকায় দেখা যায় দলের কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ।দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তপন বিধানসভার দাঁড়ালহাট এলাকা থেকে বাইক র্যালিটি শুরু হয়। এরপর তপন ব্লকের পাঁচটি অঞ্চল এবং বালুরঘাট ব্লকের আটটি অঞ্চল ঘুরে মিছিলটি শেষ হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকায় তপন বিধানসভার ওয়ার রুমে। র্যালিতে সহস্রাধিক কর্মী-সমর্থক অংশ নেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তপন বিধানসভার কো-অর্ডিনেটর চিন্তাময়ী বিহা, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় মণ্ডল, ব্লক সহ-সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমন্ত-সহ অন্যান্য নেতারা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে অল্প ব্যবধানে তপন আসনটি হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। সেই প্রেক্ষাপটে আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবং তপশিলি সংলাপ কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে দাবি দলের নেতৃত্বের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট ব্লক সহ-সভাপতি অশোক কৃষ্ণ কুজুর বলেন, আজ আমরা তপন বিধানসভা এলাকায় একটি বড় বাইক র্যালির আয়োজন করেছি। দাঁড়ালহাট থেকে শুরু হয়ে র্যালিটি তপন বিধানসভার বিভিন্ন অঞ্চল ঘুরে চকভৃগুতে তপন বিধানসভার ওয়ার রুমে এসে শেষ হয়। আগামী দিনে দলীয় কর্মসূচি আরও জোরদার করা।