গ্যাসের দাম ও লাইনের যন্ত্রণা, বাউল গানে প্রতিবাদ বালুরঘাটের শিল্পীর।

নিজস্ব সংবাদদাতা, ১৪ মার্চ,বালুরঘাট :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর যন্ত্রণা— এই দুই ইস্যুকে সামনে রেখে প্রতিবাদের নতুন পথ বেছে নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এক বাউল শিল্পী। গান বেঁধে পাড়া-পাড়ায় ঘুরে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর চেষ্টা করছেন তিনি। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের শিয়াইল এলাকায় নিজের বাউল দলকে নিয়ে পৌঁছন বাউল শিল্পী অখিল গোসাই। সেখানে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে গান গেয়ে গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস বুকিং নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন তিনি।অখিল গোসাইয়ের কথায়, হঠাৎ করেই রান্নার গ্যাসের দাম অনেকটা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে গরিব পরিবারের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও শহর ও গ্রামের মানুষের জন্য আলাদা নিয়ম রয়েছে। এর ফলে গ্রামাঞ্চলের মানুষ বেশি সমস্যায় পড়ছেন। বাউল শিল্পীর কথায় আমি একজন শিল্পী। তাই প্রতিবাদ করার জন্য আমার শিল্পকেই বেছে নিয়েছি। গান বেঁধে বিভিন্ন জায়গায় গিয়ে গেয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, এর আগে নোটবন্দির সময় সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। পরে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছে। এখন আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। বারবার লাইনে দাঁড়াতে দাঁড়াতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাই এর প্রতিবাদ হওয়া দরকার বলেই আমি এই গান বেঁধেছি। এ প্রসঙ্গে বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মণ্ডল বলেন, বাউল শিল্পীরা সাধারণ মানুষের মনের কথাই গানের মাধ্যমে তুলে ধরেন। তাঁর কথায়, গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাস নিয়ে সাধারণ মানুষ যে সমস্যার মুখে পড়ছেন, তা একজন শিল্পী অনুভব করেই এই গান বেঁধেছেন। আমিও এই মূল্যবৃদ্ধি ও হয়রানির প্রতিবাদ জানাচ্ছি। গ্যাসের দাম ও পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ যখন বাড়ছে, সেই সময় এক বাউল শিল্পীর গানের মাধ্যমে প্রতিবাদ নতুন মাত্রা পেল বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *