নিজস্ব সংবাদদাতা, ২৬ ফেব্রুয়ারি, বালুরঘাটঃভোররাতের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল বালুরঘাট শহরে। বুধবার ভোর তিনটে নাগাদ ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে ব্রিজ কালী এলাকায় আচমকাই আগুন লাগে একাধিক দোকানে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে।প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৬ থেকে ৭টি দোকান। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে কাঠের ফার্নিচারের দোকান, স্টিলের সামগ্রীর দোকান-সহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান স্থানীয়দের।খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়দের বক্তব্য, দমকল পৌঁছনোর আগেই তিন-চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যদিও খবর পাওয়ার প্রায় দশ মিনিটের মধ্যেই দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর চারটে নাগাদ বাইরে বেরিয়ে প্রথমে হালকা ধোঁয়া দেখতে পান। এরপর দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা ফার্নিচারের দোকানে মজুত দাহ্য সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।ঘটনাস্থলে উপস্থিত ছিল বালুরঘাট থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না মিললেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই মনে করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।