নিজস্ব সংবাদদাতা, ২২ ফেব্রুয়ারি, বালুরঘাটঃপরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতার বার্তা নিয়ে রবিবার সকালে বালুরঘাটের আত্রেয়ী নদীর তীর সাক্ষী থাকল এক অনন্য উদ্যোগের। সন্ত নিরঙ্কারী মণ্ডল-এর বালুরঘাট শাখার উদ্যোগে পালিত হল ‘মিশন অমৃত’ কর্মসূচি। ত্রিমোহিনী, বালুরঘাট, বুনিয়াদপুর ও রায়গঞ্জ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে নদীতীর জুড়ে চলে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচার।বাবা হরদেব সিং জী মহারাজ-এর জন্মতিথি উপলক্ষে এবং মাতা সুদীক্ষা জী মহারাজ-এর আশীর্বাদে তাঁর বাণী অনুসরণ করে আয়োজিত হয় এই কর্মসূচি। ‘প্রকল্প অমৃত: স্বচ্ছ জল, স্বচ্ছ মন’ শীর্ষক উদ্যোগের মূল লক্ষ্য ছিল জল দূষণ রোধ, পরিবেশের প্রতি দায়বদ্ধতা জাগিয়ে তোলা এবং সমাজে সচেতনতার বিস্তার।বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র সংলগ্ন আত্রেয়ী নদীর তীরে নিরঙ্কারী সদস্যরা হাতে হাত মিলিয়ে পরিষ্কার অভিযান চালান। নদীর পাড় থেকে প্লাস্টিক, আবর্জনা ও অন্যান্য দূষণকারী উপাদান অপসারণ করা হয়। পাশাপাশি জল দূষণের ক্ষতিকর প্রভাব এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হয়।আয়োজকদের কথায়, জল শুধু দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। তাই জলকে রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা।এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন এবং ভবিষ্যতে পরিবেশ রক্ষার কাজে আরও সক্রিয় থাকার অঙ্গীকার করেন। তাঁদের মতে, এ ধরনের কর্মসূচি শহরের মানুষকে নতুন করে ভাবতে শেখায়।‘মিশন অমৃত’ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার এক শক্ত বার্তা—আত্রেয়ীর তীর থেকে সেই বার্তাই পৌঁছে গেল সমাজের সর্বস্তরে।