নিজস্ব সংবাদদাতা,১৩ ফেব্রুয়ারি,বালুরঘাট:-প্রাণীর সুরক্ষা আর জনস্বাস্থ্যের সুর—দুই লক্ষ্যকে একসুতোয় গেঁথে বৃহস্পতিবার উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষে আয়োজিত হল আলোচনা সভা, সচেতনতা মিছিল এবং জলাতঙ্ক প্রতিরোধক টিকাদান কর্মসূচি। আয়োজনে জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর।সকালে শহরের রাস্তায় বেরোয় সচেতনতা মূলক পথপরিক্রমা। হাতে পোস্টার, মুখে স্লোগান—জলাতঙ্কের ঝুঁকি, প্রতিরোধ ও সময়মতো টিকাদানের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন অংশগ্রহণকারীরা। পথচারীদের মধ্যে লিফলেট বিলিও করা হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা জানান, জলাতঙ্ক একটি মারণ ব্যাধি হলেও সময়মতো টিকাদান ও সচেতনতার মাধ্যমে তা সম্পূর্ণ রোধ করা সম্ভব। বিশেষ করে পথকুকুর এবং পোষ্য প্রাণীদের নিয়মিত টিকাকরণে জোর দেন তাঁরা। তাঁদের বক্তব্য, “প্রাণীকে সুরক্ষিত রাখলেই মানুষও সুরক্ষিত থাকবে।”একইসঙ্গে আয়োজিত টিকাদান শিবিরে পথকুকুর ও গৃহপালিত প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়। দপ্তর সূত্রে খবর, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দায়িত্ববোধ বাড়ায়।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জেলার আরও গ্রামীণ এলাকায় নিয়মিত এমন শিবির আয়োজন করা হোক। প্রশাসনের বক্তব্য, প্রাণী কল্যাণ মানেই জনস্বাস্থ্য রক্ষা। সেই লক্ষ্যেই ধারাবাহিক ভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।প্রাণী সুরক্ষা ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ দিনাজপুর জেলা।