নিজস্ব সংবাদদাতা, ১০ ফেব্রুয়ারি,বালুরঘাট:-জল জীবন মিশনের অধীনে কাজ সম্পূর্ণ বা প্রায় শেষের মুখে পৌঁছলেও দীর্ঘ ১৮ মাস ধরে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হলেন PHE কন্ট্রাক্টররা। অল বেঙ্গল PHE কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ও বুধবার ১১ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত PHE অফিসের সামনে এই আন্দোলন কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে বালুরঘাটেও বিক্ষোভে শামিল হন দক্ষিণ দিনাজপুর জেলার PHE কন্ট্রাক্টররা। অভিযোগ জল জীবন মিশনের অধীনে জেলার বিভিন্ন এলাকায় কাজ করা কন্ট্রাক্টররা প্রায় দেড় বছর ধরে কোনও পেমেন্ট পাননি। অথচ কাজের সঙ্গে যুক্ত পাম্প অপারেটর, ভাল্ব অপারেটর ও অন্যান্য কর্মচারীদের নিয়মিত মজুরি তাদেরই দিতে হচ্ছে। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন কন্ট্রাক্টররা। এই প্রসঙ্গে PHE কন্ট্রাক্টর রতন কুমার হালদার বলেন, দক্ষিণ দিনাজপুরের কন্ট্রাক্টররাই শুধু নন, গোটা রাজ্য জুড়েই একই পরিস্থিতি চলছে। আমরা দীর্ঘদিন ধরে সরকার ও সাধারণ মানুষের পরিষেবা দিয়ে এলেও গত ১৮ মাসে কোনও পেমেন্ট পাইনি। অথচ আমাদের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন আমাদেরই দিতে হচ্ছে। তিনি আরও জানান রাজ্যজুড়ে এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন। জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত পাম্প অপারেটর, ভাল্ব অপারেটর সহ সংশ্লিষ্ট সমস্ত কর্মীরাই এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। বকেয়া মেটানোর দাবিতেই দু’দিন ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা।