পুলিশ প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকেও জট কাটল না বালুরঘাট সাইলো গোডাউন সমস্যা।

নিজস্ব সংবাদদাতা, ১০ ফেব্রুয়ারি,বালুরঘাট:-পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠক হলেও বালুরঘাটের সাইলো গোডাউন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা এখনও মিটল না। শুক্রবার বালুরঘাট থানায় ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ও আইসি সুমন্ত বিশ্বাসের উপস্থিতিতে সাইলো গোডাউন কর্তৃপক্ষ ও জমির মালিকদের মধ্যে প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা হয়। কিন্তু বৈঠক শেষে কোনও সমাধান সূত্রে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন। জমির মালিকদের স্পষ্ট দাবি, সাইলো গোডাউনেই তাদের স্থায়ী কাজ দিতে হবে। তা না হলে জমির বর্তমান বাজারমূল্য অনুযায়ী এককালীন ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাদের আরো অভিযোগ, সাইলো গোডাউন কর্তৃপক্ষ অন্য একটি সংস্থায় কাজ দেওয়ার প্রস্তাব দিলেও তা তারা কোনওভাবেই মানতে রাজি নন। এই প্রসঙ্গে এক জমির মালিক মঙ্গল এক্কা জানান, সমস্যার স্থায়ী সমাধানের আশায় পুলিশ প্রশাসনের ডাকে তারা বৈঠকে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি আরও বলেন, আমরা অন্য কোনও কোম্পানিতে নয়, সাইলো গোডাউনেই কাজ চাই। তা সম্ভব না হলে আমাদের জমির ন্যায্য মূল্য হিসেবে এককালীন ৩০ লক্ষ টাকা দিতে হবে। এদিকে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সমস্যার ভবিষ্যৎ সমাধান নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *