কুমারগঞ্জে কিষান ক্ষেতমজুর তৃণমূলের ব্লক কমিটির কলেবর বৃদ্ধি, শাহেনশা মোল্লার বার্তায় কৃষকস্বার্থে রাজ্য–কেন্দ্রের ফারাক।

নিজস্ব সংবাদদাতা,২৯ জানুয়ারি, কুমারগঞ্জ:বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও মজবুত করার লক্ষ্যেই কুমারগঞ্জ বিধানসভা এলাকায় কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির কলেবর বাড়াল সংগঠনটি। বৃহস্পতিবার বিকেলে নতুন রূপে ব্লক কমিটির ঘোষণা করেন সংগঠনের জেলা সভাপতি শাহেনশা মোল্লা। এদিন মোট ৮৩ জন সদস্যের বৃহৎ ব্লক কমিটি ঘোষণা করা হয়। এর আগে এই কমিটিতে সদস্য সংখ্যা ছিল ৪৩। নতুন করে আরও ৪০ জনকে যুক্ত করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শাহেনশা মোল্লা, ব্লক সভাপতি উত্তম মণ্ডল, ব্লক চেয়ারম্যান আশরাফ আলী মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষক স্বার্থে রাজ্য সরকারের ভূমিকার বিশেষ উল্লেখ করেন শাহেনশা মোল্লা। তিনি বলেন, বর্তমান মরশুমে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ কৃষকের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কৃষকদের জন্য ৮০ কোটি টাকার বীমা ঘোষণা করেছেন, যা সরাসরি কৃষকদের হাতে পৌঁছবে।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়ে তিনি বলেন, পিএম কিষান যোজনা থেকে প্রায় ৩০ লক্ষ কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর কথায়, “একদিকে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে বিজেপি সরকার কেন্দ্রীয় প্রকল্প থেকে লক্ষ লক্ষ কৃষককে বঞ্চিত করছে। এই পার্থক্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”কৃষক ও ক্ষেতমজুরদের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস আগামিদিনেও লড়াই চালিয়ে যাবে বলেও সাফ বার্তা দেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *