প্রতিশ্রুতির চাকরি মেলেনি, টানা ১৪ দিন তালাবন্ধ এফসিআই সাইলো—বালুরঘাটে জমি ও জীবিকার সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি।

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, ২৪ জানুয়ারি : প্রতিশ্রুত চাকরি না মেলার অভিযোগে টানা ১৪ দিন ধরে তালাবন্ধ কেন্দ্রীয় প্রকল্প। বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) সাইলো গোডাউন ঘিরে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। জমিদাতাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে সাইলোতে আটকে থাকা লরি চালক ও মালিকদের ক্ষোভ মিলেমিশে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে বালুরঘাটের বোয়ালদাড় মৌজার কাটনা এলাকায় আদিবাসী কৃষকদের কাছ থেকে প্রায় ৪৮ বিঘা উর্বর আবাদি জমি অধিগ্রহণ করা হয় সাইলো নির্মাণের জন্য। লিখিত চুক্তিতে প্রতিটি জমিদাতা পরিবার থেকে একজন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, চার বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে অভিযোগ।ক্ষুব্ধ হয়ে প্রায় ৪০টি জমিদাতা পরিবার সাইলো গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন। আদিবাসী জমিরক্ষা কমিটির পক্ষ থেকে আমের ডাল ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদও জানানো হয়।এদিকে সাইলো বন্ধ থাকায় ভেতরে আটকে পড়ে প্রায় ৫০টি লরি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় চালক ও লরি মালিকদের রুজিরোজগার কার্যত থমকে যায়। ক্ষোভে ফেটে পড়ে তাঁরা সাইলো ম্যানেজার বিশ্বজিৎ সূত্রধর ও অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন এফসিআই-এর ডিভিশনাল ম্যানেজার কুলদীপ সিং। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিলে আপাতত উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।তবে প্রতিশ্রুত চাকরি আদৌ মিলবে কি না, তা নিয়ে জমিদাতা পরিবারগুলির মধ্যে সংশয় এখনও কাটেনি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *