নেতাজির ১২৯তম জন্মবার্ষিকী পালিত বালুরঘাটে, জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :ভারতমাতার বীরসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বালুরঘাটে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুপুর বারোটায় বালুরঘাটের বালুছায়া সরকারি সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি সহ জেলা প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে গভীর শ্রদ্ধা জানানো হয়।এরপর জেলার স্থানীয় শিল্পীদের পরিবেশিত দেশাত্মবোধক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সভাকক্ষ। উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, ত্যাগ ও স্বাধীন ভারতের স্বপ্নকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এদিন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি বলেন, রাজ্য সরকারের নির্দেশে সারা জেলাজুড়ে নেতাজির জন্মদিন পালন করা হচ্ছে। জেলা সদর ছাড়াও বিভিন্ন ব্লক ও মিউনিসিপালিটি এলাকায় একযোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেতাজির আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *