নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :প্রত্যন্ত উত্তরবঙ্গের মানুষের জন্য আন্তর্জাতিক মানের উন্নত রোবটিক্স চিকিৎসা এবার আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের হাত ধরে ভারতীয় প্রযুক্তিতে, ভারতেই তৈরি সরঞ্জাম ব্যবহার করে চালু হতে চলেছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর।শুধু উত্তরবঙ্গ নয়, এই পরিষেবার সুফল পেতে চলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের বহু রোগী। বুধবার দুপুরে বালুরঘাটের একটি বেসরকারি সভাগৃহে সাংবাদিক সম্মেলনে এমনই আশার কথা শোনালেন হায়দ্রাবাদের একটি প্রসিদ্ধ বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে আগত খ্যাতনামা অর্থোপেডিক সার্জন ডক্টর কোটেশ্বর প্রসাদ বীরাগন্ধম।তিনি জানান, বালুরঘাটে নিয়মিত আসার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই লক্ষ্যেই স্থানীয় একটি সংস্থার সহযোগিতায় অর্থোপেডিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে রোগীদের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য সম্পূর্ণ নিরাময়ের দিকে এগোনো। আমেরিকা বা ইউরোপে যে উন্নত চিকিৎসা পেতে ৩০-৩৫ লক্ষ টাকা খরচ হয়, সেই একই মানের চিকিৎসা ভারতেই আমরা ২ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”ডক্টর বীরাগন্ধম আরও জানান, খুব শীঘ্রই বালুরঘাটে রিজেনারেটিভ মেডিসিন পরিষেবাও চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই অঞ্চলে এমন উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠলে শুধু স্থানীয় মানুষই নন, প্রতিবেশী দেশগুলির বহু রোগীও উপকৃত হবেন বলে তাঁর আশা।মেক ইন ইন্ডিয়ার মঞ্চে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবার এই উদ্যোগ যে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন দিগন্ত খুলে দিতে চলেছে, তা বলাই বাহুল্য।