নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : বালুরঘাট শহরের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে আরও এক ধাপ এগোল বালুরঘাট পৌরসভা। বুধবার বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খিদিরপুর এলাকায় নতুন উপ-স্বাস্থ্য কেন্দ্র ভবন তৈরির শিলান্যাস করলেন পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা সহ পৌরসভার আধিকারিক ও বিশিষ্টজনেরা।পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৩ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে এই দ্বিতল বিশিষ্ট উপ-স্বাস্থ্য কেন্দ্র। আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন শতাধিক ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দার উপস্থিতিতে কাজের সূচনা হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি। খিদিরপুরের বাসিন্দা শিলা সিংহ রায় বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্র হলে আমাদের অনেক উপকার হবে। ছোটখাটো অসুখে আর দূরের হাসপাতালে ছুটতে হবে না। এখান থেকেই চিকিৎসা পাওয়া যাবে। পৌরসভার এই উদ্যোগের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ।”চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, “খিদিরপুর শ্মশান সংলগ্ন এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার দাবি দীর্ঘদিনের ছিল। বালুরঘাট পৌরসভা মানুষের সেই দাবি মেনে ভবন নির্মাণের কাজ শুরু করল। ৩৩ লক্ষ ৯৪ হাজার টাকারও বেশি ব্যয়ে এই দ্বিতল উপ-স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে।”পৌরসভার এই উদ্যোগে শহরের প্রান্তিক এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে বলেই আশা।