নিজস্ব সংবাদদাতাবালুরঘাট :দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই উন্নয়নের কাজে হাত দিলেন বালুরঘাট পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। গত ১৭ তারিখ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সোমবার সকালেই তিনি বালুরঘাট শহরের আর্য সমিতি পাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজের সূচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘রাস্তা শ্রী’-র আওতায় এই রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৯ লক্ষ ৪৯ হাজার টাকারও বেশি ব্যয়ে এই রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে। দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল অবস্থার কারণে সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় জল জমা ও চলাচলের অসুবিধা ছিল নিত্যদিনের সঙ্গী। সেই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলেই মনে করছেন তাঁরা।
এলাকাবাসীর প্রতিনিধি বাবলি মজুমদার বলেন, “এই রাস্তাটি সংস্কারের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছিলাম। বারবার কাউন্সিলরকে বলেছি। অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরেই আমাদের এলাকার রাস্তাকে তাঁর প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছেন, এতে আমরা খুবই খুশি।”
এলাকার কাউন্সিলর শিপ্রা খাঁ জানান, এলাকাবাসীর দাবি মাথায় রেখেই তিনি এই রাস্তা সংস্কারের বিষয়টি পৌরসভায় তুলে ধরেছিলেন। তাঁর কথায়, “অনেকদিন ধরেই মানুষ এই রাস্তার জন্য আবেদন জানাচ্ছিলেন। আজ কাজ শুরু হওয়ায় আমাদের সকলেরই ভালো লাগছে।”
এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, “আজ আমরা আর্য সমিতি পাড়ার রাস্তা সংস্কারের কাজের সূচনা করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রাস্তা শ্রী’ প্রকল্পের মাধ্যমে এই কাজ সম্পন্ন হবে। প্রায় নয় লক্ষ টাকার বেশি ব্যয়ে রাস্তার মানোন্নয়ন করা হবে। শহরের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”
নতুন চেয়ারম্যানের প্রথম উদ্যোগেই উন্নয়নের ছাপ দেখছে বালুরঘাট শহর, এমনটাই মত সাধারণ মানুষের।