নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:পা ফেলে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বার্তা। পতিরামে রবিবার ঠিক সেই ছবিটাই ধরা পড়ল। ষষ্ঠ বর্ষে পদার্পণ করল ‘সম্প্রীতি ম্যারাথন’। ঠেকের স্পন্দন কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ছয় কিলোমিটার এই ম্যারাথনে অংশ নিলেন প্রায় পাঁচশো দৌড়বিদ।দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুর থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। ভৌগোলিক সীমানা পেরিয়ে এই অংশগ্রহণই বুঝিয়ে দিল, ম্যারাথন এখন আর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক বার্তা।সংস্থার সম্পাদক তরুণ ঘোষ জানালেন, ২০২১ সালে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই ম্যারাথনের সূচনা। সেই ভাবনা থেকেই নাম ‘সম্প্রীতি ম্যারাথন’। প্রতি বছর ২৩ জানুয়ারি, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই দৌড় অনুষ্ঠিত হয়। তবে এ বছর সরস্বতী পুজোর কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে আয়োজন। আগামী বছর থেকে আবারও নির্ধারিত দিনেই ম্যারাথন হবে বলে জানান তিনি।এ দিনের ম্যারাথনের উদ্বোধন করেন জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ। উপস্থিত ছিলেন পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো, ট্র্যাফিক ওসি অরুণ তামাং, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু সাহা সহ আরও অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতিরাম ও পারপতিরাম ব্যবসায়ী সমিতির সম্পাদক সাগর কুমার সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রতিযোগিতার ফলাফলেও ছিল উত্তেজনা। পুরুষ বিভাগে প্রথম হন রায়গঞ্জের বিশ্বজিৎ মন্ডল। দ্বিতীয় পূর্ব সুন্দরপুরের শ্যামল টুডু এবং তৃতীয় ফরিদপুরের সাগর পাহান। মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন কালিয়াগঞ্জের বাবলি মাহাতো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা নগদ অর্থের সঙ্গে ট্রফি পান।