এসআইআর নোটিশের আতঙ্কে পরিযায়ী শ্রমিকের আত্মঘাতী মৃত্যু, গোয়া থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :এসআইআর নোটিশের আতঙ্কে ফের আত্মহত্যার ঘটনা দক্ষিণ দিনাজপুরে। কুমারগঞ্জ বিধানসভার বানিহারি কামাদপাড়া এলাকার বাসিন্দা সুভাষ হেমব্রম (৩১) আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গোয়া রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন।পরিবার সূত্রে খবর, গত ১১ তারিখে সুভাষ হেমব্রমের বাড়িতে এসআইআর সংক্রান্ত নোটিশ আসে। শুধু সুভাষ নন, তাঁর পরিবারের আরও চারজনের নামেও নোটিশ পৌঁছায়। এরপর থেকেই তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। শুনানি পর্বে যোগ দিতে গোয়া থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। গোয়া থেকে ফেরার পথে ভুবনেশ্বরের কাছে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়ায়। সেই সময় ট্রেন থেকে নেমে পাশের একটি আমবাগানে গিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া-সহ দলের নেতৃত্ব। সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, এসআইআর নোটিশের ভয়েই এই মর্মান্তিক মৃত্যু। নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি জানান, পরিবারটির পাশে তাঁরা থাকবেন।ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *