নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:নররূপে নারায়ণকে সেবাই লক্ষ্য। সেই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সাহেব কাচারি এলাকায় একদল স্বেচ্ছাসেবীর উদ্যোগে আয়োজন করা হয় নরনারায়ণ সেবা মহোৎসব। এ বছরে সেই কর্মসূচি পা রাখল সপ্তম বছরে। স্বামী বিবেকানন্দের জন্মদিন, ১২ জানুয়ারিকে সামনে রেখে সোমবার দুপুরে অনুষ্ঠানের সূচনা হয়।উদ্বোধন করেন বালুরঘাট ভারত সেবাশ্রমের স্বামীজি বিশ্বরূপানন্দজি মহারাজ। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মানুষকে নরনারায়ণ সেবা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শহর ও গ্রাম মিলিয়ে বহু দরিদ্র ও আর্ত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। শুধু অন্নসেবা নয়, গ্রাম থেকে আসা বেশ কয়েকজন অসহায় মানুষের হাতে প্রায় এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তা গৌতম সাহা বলেন, “প্রতিবছর আমরা এই কর্মসূচি পালন করে থাকি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এই উদ্যোগ। এ বছর নরনারায়ণ সেবা সপ্তম বর্ষে পড়ল, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।”উৎসবের আবহে এ দিন সাহেব কাচারি এলাকা জুড়ে ছিল সেবার ব্যস্ততা আর মানবিকতার ছোঁয়া। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই যে এই কর্মসূচির মূল উদ্দেশ্য, তা স্পষ্ট করে দিল উদ্যোক্তাদের উদ্যোগ।