নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায় ১২ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল জেলা পকশো আদালত। শুক্রবার বিচারক শরণ্যা সেন প্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও আইনজ্ঞরা।ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি। অভিযোগ ছিল, ওই দিন নাবালিকার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করে অভিযুক্ত। ঘটনার পর দিনই পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিচারক অভিযুক্তকে পকশো আইনের ৮ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৪৪৮ ধারায় দোষী সাব্যস্ত করেন।শুক্রবার দুপুরে সাজা ঘোষণা করতে গিয়ে আদালত জানায়, পকশো আইনের ৮ ধারায় ৩ বছর এবং আইপিসি ৪৪৮ ধারায় ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে। পাশাপাশি মোট ১০,৫০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা খাটতে হবে তাকে। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, “উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই আদালত এই সাজা প্রদান করেছে। এই রায় সমাজের অপরাধীদের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে।”