নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও এক ধাপ এগোল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প রাস্তাশ্রী–পথশ্রী প্রকল্পের আওতায় বালুরঘাট ব্লকে নতুন একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। শুক্রবার দুপুরে এই রাস্তার কাজের শুভসূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর।
জানা গেছে, প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মিত হচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষি শিল্প নিগমের সহযোগিতায় তৈরি হওয়া এই রাস্তা বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপোড়া এলাকা থেকে কুমারগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে এই রাস্তার গুরুত্ব অনেক, কারণ দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা এলেই রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ত। স্কুল পড়ুয়া, কৃষক, অসুস্থ মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীদের প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হতো। গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা বারবার জেলা পরিষদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর বলেন, এই রাস্তার দুরবস্থার কথা দীর্ঘদিন ধরেই আমাদের কাছে জানানো হচ্ছিল। মানুষের ভোগান্তির কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাস্তাশ্রী–পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাস্তা তৈরি হলে সীমান্ত এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে, পাশাপাশি কৃষিজ পণ্য পরিবহণেও সুবিধা হবে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত ও সীমান্ত এলাকার উন্নয়নে রাজ্য সরকার যে গুরুত্ব দিচ্ছে, এই প্রকল্প তারই প্রমাণ। রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, এলাকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নতিও হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর দূরদর্শী চিন্তার ফলেই আজ এই প্রত্যন্ত এলাকার মানুষ উন্নয়নের ছোঁয়া পাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে খুশি। তাঁদের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি মিলবে। সীমান্ত এলাকার উন্নয়নে এই রাস্তা যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা নিয়ে আশাবাদী সকলেই।