নিজস্ব সংবাদদাতা:দক্ষিণ দিনাজপুর জেলায় শীতের দাপট আরও বেড়েছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি। উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ৯ কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া বইছে। আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।এই পরিস্থিতিতে কৃষকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ, বোরো ধানের বীজতলা রক্ষায় রাতে বীজতলায় হালকা জল ধরে রাখা উচিত। সকালবেলা সূর্যের আলো ওঠার পর সেই জল বের করে দিলে প্রচণ্ড ঠান্ডার প্রভাব অনেকটাই কমে। এতে বীজতলা ঠান্ডাজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে জানানো হয়েছে।