নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা তাঁর আসন্ন ছায়াছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর প্রচারে শনিবার বালুরঘাটে আসেন। বিকেলে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ট্রেলার লঞ্চ করা হয়।
অনুষ্ঠানে অঙ্কুশের সঙ্গে উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এছাড়াও মঞ্চে ছিলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শাহেনশা মোল্লা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ছবির প্রচারের অংশ হিসেবে অঙ্কুশ ও ঐন্দ্রিলা নতুন ছবির একটি গানে নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি ওই মঞ্চ থেকেই প্রকাশ করা হয় ছবির আর একটি গান। তারকাদের ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।