নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর ও সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত তিনটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল শুক্রবার। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই তিনটি রাস্তা নির্মাণে মোট ৬৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থার, যা এবার বাস্তব রূপ পেল।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, তোফাজ্জল হোসেন, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ারা বেগম, পঞ্চায়েত সদস্য আরেফা সরকার-সহ বহু দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের বক্তব্য, নতুন এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ছাত্রছাত্রী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই আর্থসামাজিক উন্নয়নেও এর প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে করে দেওয়া হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”পথশ্রী প্রকল্পের এই উদ্যোগে এলাকায় উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে বলেই মত রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।