নিজস্ব সংবাদদাতা, ১৪ মার্চ, বালুরঘাট :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গ্যাস সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে বালুরঘাট শহরে পথ অবরোধ করে প্রতিবাদ জানাল কংগ্রেস। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের ব্যস্ততম আর্য সমিতি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেব সহ জেলার একাধিক কংগ্রেস নেতা-কর্মী। গোপাল দেব অভিযোগ করে বলেন, সম্প্রতি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি গ্যাস সংগ্রহ করতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ভোগের প্রতিবাদেই কংগ্রেসের পক্ষ থেকে এই পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত বিদেশ নীতির ফলেই জ্বালানির দামে এই অস্থিরতা তৈরি হয়েছে। শুধু বালুরঘাট শহরেই নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকেও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে একই ধরনের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান জেলা কংগ্রেস ।