নিজস্ব সংবাদদাতা গঙ্গারামপুর : নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বুধবার গঙ্গারামপুর মহকুমা ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়নপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চলা আট দলীয় এই টুর্নামেন্টে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররা অংশ নেয়। প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সঙ্গে খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়। মাঠজুড়ে সারাদিনই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির সদস্য ও শিক্ষক সুব্রত মুখার্জি, ক্রীড়াপ্রেমী স্বপন দাস, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। খেলাকে কেন্দ্র করে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। রজত জয়ন্তী বর্ষে এই ধরনের ক্রীড়া আয়োজন বিদ্যালয়ের ইতিহাসে এক বিশেষ মাইলফলক বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।