উন্নয়নের পাঁচালী’তে উন্নয়নের বার্তা—সুসজ্জিত টোটোয় বালুরঘাট ব্লক জুড়ে তৃণমূলের অভিনব প্রচার

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের খতিয়ান তুলে ধরতে তৈরি হয়েছে বিশেষ গান—‘উন্নয়নের পাঁচালী’। সেই গানকে কেন্দ্র করেই শুরু হল এক সৃজনশীল প্রচার কর্মসূচি।বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের চকভৃগু এলাকায় একটি সুসজ্জিত টোটোর শুভ সূচনা করেন বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল। উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক কৃষ্ণ কুজুর, দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম-সহ দলের অন্যান্য নেতৃত্ব।জানা গিয়েছে, এই সুসজ্জিত টোটোটি বালুরঘাট ব্লক জুড়ে পরিক্রমা করবে। গানের মাধ্যমে তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের কথা। উদ্যোক্তাদের বক্তব্য, রাজনৈতিক প্রচারের চেনা ছকের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শহরবাসীর একাংশের মধ্যেও ইতিমধ্যেই এই প্রচার পদ্ধতি ইতিবাচক সাড়া ফেলেছে।এই প্রসঙ্গে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকার জন্য বিপুল উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই ‘উন্নয়নের পাঁচালী’ নামের এই প্রচার ট্যাবলো চালু করা হল। একটি সুসজ্জিত টোটোর মাধ্যমে গোটা বালুরঘাট ব্লক জুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ মানুষের সামনে তুলে ধরা হবে। সেই লক্ষ্যেই আজ এই কর্মসূচির সূচনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *