বালুরঘাট আদালতের পাঁচ বছরে ১৫-র বেশি যাবজ্জীবন, আইন-শৃঙ্খলা নিয়ে বিরোধীদের অভিযোগের মাঝেই কঠোরতার বার্তা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট :
বিরোধীরা যখন রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি নিয়ে সুর চড়াচ্ছে, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান যেন অন্য ছবি তুলে ধরল। শনিবার সকালে বালুরঘাট আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী দাবি করলেন—গত পাঁচ বছরে জেলা আদালত একের পর এক উল্লেখযোগ্য মামলায় দোষীদের শাস্তি দিতে সক্ষম হয়েছে। আর সেই তালিকায় রয়েছে ১৫-র বেশি যাবজ্জীবন কারাদণ্ড।আইনজীবী ঋতব্রতবাবু জানালেন, “বিগত পাঁচ বছরে দু’-একটা নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় আমরা দোষীদের সাজা দিতে পেরেছি। যাবজ্জীবনের সংখ্যা ১৫ ছাড়িয়ে গিয়েছে। দশ, কুড়ি বছরের সাজাও রয়েছে একাধিক। আমাদের মতো ছোট্ট জেলায় এটি অত্যন্ত আশাব্যঞ্জক।”হোম-কাণ্ডে রাজ্য কাঁপানো দক্ষিণ দিনাজপুরের একটি মামলায় যাবজ্জীবন থেকে শুরু করে, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক কর্মী প্রতুলবাবু খুনের মামলায় কঠোর সাজা—সবই তুলে ধরেন তিনি। সোনাতস্কর কাস্টমস অফিসার তছরুপ মামলায় সম্প্রতি আজীবন কারাদণ্ড, আবার শুক্রবারই আদালতকর্মীর বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ড—সব মিলিয়ে বালুরঘাট আদালতের সিদ্ধান্তে প্রশাসনের ‘জিরো টলারেন্স’-এর আলো দেখতে পাচ্ছেন ঋতব্রতবাবু।রোমহর্ষক রামপ্রসাদ মার্ডার কেস, ছিন্নমস্তা গণধর্ষণ, তালতলা গণধর্ষণ—প্রতিটি ক্ষেত্রেই কঠোর শাস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “যে সমস্ত মামলা এসেছে এবং যেখানে তদন্ত এজেন্সি সঠিকভাবে কাজ করেছে, সেখানে একটিও ক্ষেত্রে অপরাধী শাস্তি এড়াতে পারেনি। সমাজে অপরাধ কমানোর ক্ষেত্রেও এসব রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”তদন্তে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। বলেন, “আইনজীবীর কাজ কোর্টে শুরু হলেও তার আগে তদন্তকারীদের নিষ্ঠা সবথেকে বড় ভূমিকা নেয়। আমাদের জেলায় কয়েকজন নিতান্তই পটু তদন্তকারী অফিসার রয়েছেন। পুলিশ সুপারও এই কাজে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন।”এছাড়া আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আইনমন্ত্রী যে শক্তিশালী টিম তৈরি করে দিয়েছেন, তার ফল আমরা পাচ্ছি। রাজ্য সরকারের অপরাধ কমানোর উদ্যোগই এই কঠোর সাজাগুলি সম্ভব করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এজন্য বিশেষ ধন্যবাদ জানাই।”বিরোধীদের অভিযোগের ঠিক বিপরীতে দাঁড়িয়ে জেলা আদালতের এই পরিসংখ্যান—প্রশাসনের দাবি, আইন-শৃঙ্খলা ব্যবস্থায় দৃঢ়তার প্রমাণই দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *