ডাঙ্গার একমাইলে কাকার বকুনির পর নিখোঁজ, অভিন্ন হৃদয় বন্ধুর হাত ধরে উধাও দুই কিশোর

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
দুই অভিন্ন হৃদয়ের বন্ধুর একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে বালুরঘাট থানার ৬ নম্বর ডাঙ্গা অঞ্চলের একমাইল গ্রাম সংসদ এলাকায়। গত ২০ জুলাই থেকে অষ্টম শ্রেণির দুই আদিবাসী স্কুলপড়ুয়া, শুভদীপ কাছুয়া ও পিন্টু পাহানের কোনও খোঁজ মিলছে না। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপকে বাড়িতে তাঁর কাকা বকাবকি করেছিলেন। পরিবারের অনুমান, সেই অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে। তার সঙ্গে যায় তারই সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু পিন্টু পাহান। এরপর থেকেই দু’জনের কোনও সন্ধান মেলেনি।
দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুই কিশোরের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হঠাৎ করে দুই বন্ধুর একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে বর্তমানে এলাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *