নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার প্রথম কোনও ক্লাব ও পুজো কমিটির পক্ষ থেকে সংবর্ধিত হলেন বিজেপি বিধায়ক বুধরাই টুডু। শুক্রবার সকালে পতিরাম অরবিন্দপল্লী দুর্গাপূজা সমিতির উদ্যোগে তাঁর বাড়িতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ক্লাবের সদস্যরা।এদিন পতিরাম অরবিন্দ ক্লাবের প্রায় কুড়ি জন সদস্যের একটি প্রতিনিধি দল বিধায়কের বাসভবনে পৌঁছয়। সেখানে উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া, স্মারক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান সদস্যরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।ক্লাবের সদস্যদের বক্তব্য, এলাকার উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্যই বিধায়ককে এই সম্মান জানানো হয়েছে। আগামী দিনেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা পাওয়া যাবে বলেও আশাপ্রকাশ করেন তাঁরা।সংবর্ধনা পেয়ে বিধায়ক বুধরাই টুডু ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদই তাঁকে কাজ করার অনুপ্রেরণা দেয়। এলাকার উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও তিনি কাজ চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন।অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।