নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :ভোটের মুখে কুমারগঞ্জ বিধানসভায় প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বুধরাই টুডু ও শুভেন্দু সরকার। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোবিন্দপুর এলাকায় প্রার্থীর সমর্থনে জোরদার প্রচারে নামেন তপনের বিধায়ক।নিজের বুথ মোহনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুরেই এদিন প্রচারে হাজির হন শুভেন্দু সরকার। সেই মঞ্চেই তাঁর পাশে দাঁড়িয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিতে দেখা যায় বুধরাই টুডুকে। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দু’জনেই, শোনেন স্থানীয় সমস্যার কথাও।প্রচারের শেষে শুভেন্দু সরকার বলেন, মোহনা গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে, যা আগামী দিনে ফলাফলে প্রতিফলিত হবে বলেই তাঁর আশা। অন্যদিকে বুধরাই টুডুর কথায়, নিজের বাড়ির বুথে প্রার্থীর উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে অংশ নেন তিনি।ভোট যত এগোচ্ছে, ততই কুমারগঞ্জে রাজনৈতিক উত্তাপ বাড়ছে—এই প্রচার তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।