নিজস্ব সংবাদদাতা, ১২ মার্চ, বালুরঘাট :- গ্যাসের অভাবে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিলের রান্না ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা গেছে। জেলার একাধিক স্কুলে রান্না করা খাবারের পরিবর্তে পড়ুয়াদের শুকনো খাবার দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।বালুরঘাট শহরের বেশ কয়েকটি স্কুলে গ্যাসের অভাবে এদিন মিড ডে মিলের রান্না করা সম্ভব হয়নি। ফলে নিরুপায় হয়ে পড়ুয়াদের হাতে তুলে দিতে হয়েছে শুকনো খাবার। বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়েও একই চিত্র ধরা পড়ে।

স্কুল সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত পড়ুয়াদের নিয়মমাফিক রান্না করা খাবারই দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার গ্যাস না থাকায় দুপুর পর্যন্ত রান্না শুরু করা সম্ভব হয়নি।স্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী জানান, “গতকাল পর্যন্ত আমরা রান্না করা মিড ডে মিলই দিয়েছি। কিন্তু আজ গ্যাস না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। গ্যাসের অর্ডার দেওয়া হয়েছে। যদি আজই গ্যাস এসে যায়, তাহলে রান্না করে পড়ুয়াদের খাওয়ানো হবে। না হলে শুকনো খাবারই দিতে হবে।”তিনি আরও জানান, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিকল্প হিসেবে কাঠ বা কয়লা দিয়ে রান্নার বিষয়টিও ভাবতে হতে পারে। তবে সেই ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। তাঁর কথায়, “স্কুলে আধুনিক কিচেন তৈরি হয়েছে। সেখানে কাঠ বা কয়লা ব্যবহার করে কীভাবে রান্না করা হবে, সেটাও বড় প্রশ্ন।”এদিকে, স্কুলটিতে একটি ছাত্রাবাস থাকায় হোস্টেলের পড়ুয়াদের খাবার নিয়েও চিন্তায় পড়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে, পড়ুয়াদের একাংশ জানিয়েছে, অনেক ছাত্রছাত্রীই মিড ডে মিলের খাবারের উপর নির্ভরশীল। অষ্টম শ্রেণির ছাত্রী দিবাশ্রী মহন্ত জানায়, “অনেকেই সকালে ঠিকমতো খেয়ে আসতে পারে না। দুপুরে মিড ডে মিল খেয়েই পেট ভরাই। রান্না না হলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়।”জেলা জুড়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মিড ডে মিল পরিষেবা নিয়েই অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা শিক্ষামহলের একাংশের।