নিজস্ব সংবাদদাতা, ১১ মার্চ, বালুরঘাট:- নির্বাচনের আগেই ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে দক্ষিণ দিনাজপুর। প্রায় ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলে বুধবার বালুরঘাটে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সরব হল বামফ্রন্ট নেতৃত্ব। তাঁদের দাবি, আগে বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে হবে, তারপরই নির্বাচন ঘোষণার কথা ভাবতে হবে। বিকেল প্রায় চারটে নাগাদ বালুরঘাটের শ্রমিক-কৃষক ভবন থেকে একটি বড় প্রতিবাদ মিছিল বের হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছয়। সেখানে অবস্থান বিক্ষোভের মাধ্যমে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলকেই নিশানা করেন বাম নেতৃত্ব।

পরে পাঁচ দফা দাবিতে জেলাশাসকের হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন বামফ্রন্ট নেতারা। তাঁদের অভিযোগ, ২০০২ সালে যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি তাঁদের।বাম নেতা অর্নব চৌধুরী বলেন, ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। অবিলম্বে বিবেচনাধীন ও বাদ পড়া সমস্ত ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এদিন জেলাশাসকের দপ্তর চত্বরে কিছুক্ষণ উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।