নিজস্ব সংবাদদাতা, ১৭ ফেব্রুয়ারি,বালুরঘাট:- দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই শহরের অধিষ্ঠাত্রী দেবীর আশীর্বাদ নিতে পৌঁছলেন বালুরঘাট পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। মঙ্গলবার সকালে তিনি যান বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়ামা কালী মন্দির-এ। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের হাতে বস্ত্র তুলে দেন তিনি।গত মাসের ১৭ তারিখ চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই দেবীর চরণে প্রণাম জানানোর ইচ্ছার কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন সুরজিৎবাবু। তবে ব্যক্তিগত ও প্রশাসনিক ব্যস্ততার কারণে এতদিন মন্দিরে আসা হয়ে ওঠেনি বলে জানান তিনি। অবশেষে মঙ্গলবার সেই ইচ্ছাপূরণ হয়।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর পল্লব দাস, পিন্টু দাস, সুবিনয় আচার্য সহ পুরসভার অন্যান্য প্রতিনিধিরা। পুজো-অর্চনার পর চেয়ারম্যানের হাত থেকে বস্ত্র পেয়ে খুশি হন স্থানীয় বাসিন্দারা।সুরজিৎ সাহা বলেন, “দায়িত্ব নেওয়ার পর মায়ের আশীর্বাদ প্রার্থনা এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমার কাছে অগ্রাধিকার ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হল।”শহরের ধর্মীয় আবেগ ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে এদিনের এই উদ্যোগে এক মানবিক বার্তা তুলে ধরলেন নবনির্বাচিত পুরপ্রধান।