নিজস্ব সংবাদদাতা,১২ ফেব্রুয়ারি,বালুরঘাট:-বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা সর্বভারতীয় ধর্মঘটের প্রভাব কার্যত পড়ল না বালুরঘাটে। শহরের জনজীবন ছিল একেবারেই স্বাভাবিক। সকাল থেকেই রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। সঙ্গে ছিলেন থানার অন্যান্য আধিকারিকরাও।পুলিশ সূত্রে খবর, সরকারি ও বেসরকারি অফিস যাতে খোলা থাকে এবং সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতেই শহরের একাধিক দফতর ও অফিস চত্বরে যান আইসি। কর্মীদের সঙ্গে কথা বলে অফিস খোলা রাখার আবেদন জানান তিনি। পুলিশের তৎপরতায় কোথাও অশান্তির ছবি ধরা পড়েনি।নিত্যদিনের মতোই এদিন সরকারি ও বেসরকারি বাস চলাচল করেছে। খোলা ছিল বাজার ও দোকানপাটও। এদিন থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সে দিকেও নজর ছিল প্রশাসনের। প্রশাসন সূত্রে দাবি, পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন।সব মিলিয়ে ধর্মঘটের ডাক বালুরঘাটে কার্যত ব্যর্থ হয়েছে বলেই মনে করছে প্রশাসন। পুলিশের সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সহযোগিতাতেই দিনভর শান্ত ছিল শহর