পাকা ঘরের স্বপ্নে কিস্তি এল, আর সেই টাকাতেই পুরোনো প্রেমিকের সঙ্গে উধাও নববধূ—চাঞ্চল্য পণ্ডিতপুরে।

নিজস্ব সংবাদদাতা, ১১ ফেব্রুয়ারি,বালুরঘাট: —সরকারি আবাসের প্রথম কিস্তির টাকা হাতে আসতেই ভেঙে গেল স্বপ্নের ঘর। প্রেমিকের হাত ধরে উধাও নববধূ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর শিবাই লাহা বছরখানেক আগে ভালবেসে বিয়ে করেন ফুলকি লাহাকে। মাটির বাড়িতে কষ্টের সংসার চললেও পাকা ঘরের স্বপ্ন দেখছিলেন দু’জনে। সম্প্রতি বাংলা আবাস যোজনায় আবেদন করেছিলেন শিবাই। কয়েকদিন আগে প্রথম কিস্তির টাকা স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। নতুন ঘর তৈরির আশায় কিছুটা স্বস্তি ফিরেছিল পরিবারে। কিন্তু মঙ্গলবার আচমকাই বদলে যায় পরিস্থিতি। পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফুলকি পুরনো এক প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। অভিযোগ, আবাসের টাকার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর নগদ ১০ হাজার টাকা এবং কয়েক ভরি সোনার গয়না নিয়েও উধাও হয়েছেন তিনি। জানা গিয়েছে, বিয়ের আগে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল ফুলকির। সেই সম্পর্কই নাকি গোপনে আবার জোড়া লাগে।স্ত্রীকে বাড়িতে না পেয়ে ভেঙে পড়েছেন শিবাই। তাঁর ঠাকুমা স্বাগতা লাহার কথায়, সরকারি ঘরের টাকা আর গয়না নিয়ে পালিয়েছে বউমা। আমরা সর্বস্বান্ত হয়ে গেলাম। তবে এখনও পর্যন্ত বালুরঘাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে গ্রামজুড়ে। অনেকেরই প্রশ্ন, সরকারি আবাসের টাকাই কি ভেঙে দিল একটি নবগঠিত সংসার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *