নিজস্ব সংবাদদাতা, ৮ ফেব্রুয়ারি, বালুরঘাট:-বইকে সঙ্গী করেই এগিয়ে যাওয়ার বার্তা। সেই লক্ষ্যেই শনিবার হিলি ব্লকের নওপাড়া তিওড় সমাজকল্যাণ সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হল বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংকের পুস্তক বিতরণ অনুষ্ঠান। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এলাকার দুস্থ ও মেধাবী মোট ২৪০ জন ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে পাঠ্য ও সহায়ক পুস্তক তুলে দেওয়া হয়।উল্লেখযোগ্য ভাবে, গত ১৮ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে এই পুস্তক বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে বিমলা সুন্দরী মেমোরিয়াল বুক ব্যাংক। দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন সম্মানে ভূষিত অমূল্য রতন বিশ্বাস তাঁর প্রয়াত মাতার স্মৃতিতে এই উদ্যোগের সূচনা করেন। এ বছর ছিল এই কর্মসূচির ১৮তম বর্ষ।অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত বিশিষ্ট অতিথিদের সংগঠনের পক্ষ থেকে উত্তরীয়, পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার, বালুরঘাট বি.এড কলেজের প্রেসিডেন্ট ড. নব কুমার দাস-সহ আরও অনেকে।পুস্তক বিতরণের পাশাপাশি এ দিন নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে শিশু সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমাজকর্মী সূরজ দাশ।সভাপতির বক্তব্যে অমূল্য রতন বিশ্বাস জানান, আর্থিক অনটনের কারণে যাতে কোনও মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা থমকে না যায়, সেই লক্ষ্যেই ভবিষ্যতেও এই ধরনের সমাজমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।