বালুরঘাট বিধানসভা জয়ের লক্ষ্যে সাংগঠনিক রদবদল, কিষান খেতমজুর তৃণমূলের কো-অর্ডিনেটর নিযুক্ত বিপ্লব দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা, ৭ জানুয়ারি,বালুরঘাট:-গত লোকসভা নির্বাচনে বালুরঘাট ব্লক থেকে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবার আগামীর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা বালুরঘাট বিধানসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যেই মূল সংগঠনের পাশাপাশি শাখা সংগঠনগুলিকেও সক্রিয় করা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। শনিবার বিকেলে বালুরঘাট চকভৃগু তৃণমূল পার্টি অফিসে অনুষ্ঠিত জেলা কমিটির বৈঠকে বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দেবনাথকে বালুরঘাট বিধানসভা এলাকার কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের ঘোষণা করা হয়। জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা এই ঘোষণা করেন। এ প্রসঙ্গে শাহেনশা মোল্লা বলেন, বালুরঘাট বিধানসভা এলাকায় আমাদের সংগঠন এখনও দুর্বল। রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করেই বালুরঘাট ব্লকের সভাপতিকে বিধানসভা এলাকার পরামর্শদাতা তথা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হিলি ব্লকের সভাপতিও এখন থেকে বিপ্লব দেবনাথের সঙ্গে সমন্বয় রেখে সংগঠন মজবুত করার কাজে মনোনিবেশ করবেন। তৃণমূল নেতৃত্বের আশা, এই সাংগঠনিক রদবদলের মাধ্যমে বালুরঘাট বিধানসভা এলাকায় কিষান ও ক্ষেতমজুর সংগঠনের ভিত আরও শক্ত হবে, যার সুফল মিলবে আসন্ন বিধানসভা নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *