বিধানসভা জয়ের লক্ষ্যেই তৎপর তৃণমূল, বালুরঘাটে লিগাল সেলের সঙ্গে বৈঠক অর্পিতা ঘোষের।

নিজস্ব সংবাদদাতা,৬ ফেব্রুয়ারি, বালুরঘাট : সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বালুরঘাট বিধানসভা দখলের লক্ষ্যেই সংগঠনকে আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যে বিশেষ দায়িত্ব নিয়ে বালুরঘাটে পৌঁছেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা নাট্যকর্মী অর্পিতা ঘোষ। এলাকা তাঁর দীর্ঘদিনের চেনা হলেও সংগঠনকে ঝালিয়ে নিতে বুথ, ওয়ার্ড, ব্লক ও অঞ্চল কমিটি ধরে টানা বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি।শুক্রবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে বালুরঘাট কোর্টের তৃণমূল পন্থী আইনজীবীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অর্পিতা ঘোষ। তৃণমূল লিগাল সেলের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঋতব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। বৈঠকে মূলত এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অর্পিতা ঘোষ জানান, এসআইআর প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে আইনি লড়াইয়ে লিগাল সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক বালুরঘাটে ভোটের লড়াইয়ে আইনজীবীদের সক্রিয় সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *